![]()
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বুধবার রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে Institute of Strategy and Tactics Research (আইএসটিআর)।
মন্ত্রী বলেন, তারেক রহমান নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বিনিয়োগের অন্যতম বড় বাধা হচ্ছে সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা দ্রুত সিদ্ধান্ত ও সমাধান প্রত্যাশা করলেও প্রশাসনিক জটিলতার কারণে অনেক সময় হতাশ হন।
তিনি জানান, সরকার আমলাতন্ত্রে গতি এনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং প্রতিদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করছেন। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে তিনি নির্দেশনাও দিচ্ছেন বলে জানান মন্ত্রী।
জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো জ্বালানি সংকট। এ কারণে নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গ্যাস ও তেল উত্তোলনের কার্যক্রমও শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার আশা করছে সরকার।
পাঠকের মন্তব্য