![]()
যুক্তরাষ্ট্রের University of South Florida গত মাসে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়।
আগামী ৭ থেকে ১০ মে অনুষ্ঠিতব্য সমাবর্তনে ৮ হাজারের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হবে। এর প্রতিটি অনুষ্ঠানেই নিহত দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
বিশেষভাবে ৮ মে সকাল ৯টার ডক্টরেট সমাবর্তন অনুষ্ঠানে নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের সম্মানে একাডেমিক গাউন পরানো দুটি খালি চেয়ার রাখা হবে। একই অনুষ্ঠানে তাদের নিজ নিজ গবেষণা বিষয়ের ওপর মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।
জামিল লিমনের গবেষণার বিষয় ছিল ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি। তার উপদেষ্টা ড. মার্ক রেইনস তাকে “বিনয়ী, দয়ালু ও জ্ঞানপিপাসু” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, লিমনের স্বপ্ন ছিল নগর পরিকল্পনা ও জিওএআই প্রযুক্তি ব্যবহার করে ভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে নতুন পথ তৈরি করা।
অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। গত আগস্টে তিনি প্রোগ্রামে যোগ দেন। তার শিক্ষক ড. বিনয় গুপ্ত বলেন, বৃষ্টি ছিলেন শান্ত, হাস্যোজ্জ্বল ও অত্যন্ত উদ্যমী একজন গবেষক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্যাম্পাসে অধ্যয়নরত অবস্থায় মারা যাওয়া শিক্ষার্থীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভেও নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নাম যুক্ত করা হবে।
পাঠকের মন্তব্য