![]()
উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহায়তা শুরু করবে— ডোনাল্ড ট্রাম্প-এর এমন ঘোষণার কিছুক্ষণ পরই হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের শিকার হয়েছে। তবে এ ঘটনায় জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ফুজাইরাহ থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলে আঘাতপ্রাপ্ত হয়েছে।
হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ ও নাবিকদের সহায়তায় মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেন, সোমবার থেকেই এ কার্যক্রম শুরু হবে। এর লক্ষ্য হলো সংকুচিত জলপথে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের হতে সহায়তা করা এবং খাদ্যসহ জরুরি সরবরাহ পৌঁছানো নিশ্চিত করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “আমরা দেশগুলোকে জানিয়েছি তাদের জাহাজগুলোকে নিরাপদে এ জলপথ থেকে বের করে আনতে পথনির্দেশনা দেওয়া হবে, যাতে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে।”
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন-এর তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে শত শত জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছেন না।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অভিযানে ১৫ হাজার মার্কিন সেনা, শতাধিক স্থল ও সমুদ্রভিত্তিক বিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েন করা হবে। এর উদ্দেশ্য বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা।
সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, “এই প্রতিরক্ষামূলক মিশনে আমাদের সমর্থন আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দুই মাসের বেশি সময় ধরে উপসাগরীয় অঞ্চলে নিজেদের জাহাজ ছাড়া প্রায় সব জাহাজ চলাচল বাধাগ্রস্ত করছে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। কিছু জাহাজে গুলিবর্ষণ ও কয়েকটি জাহাজ জব্দ করার অভিযোগও উঠেছে। গত মাসে যুক্তরাষ্ট্রও ইরানি বন্দর থেকে আসা জাহাজের ওপর নিজস্ব অবরোধ আরোপ করে।
ট্রাম্প প্রশাসন প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ অভিযানে কোন কোন দেশ অংশ নেবে বা কীভাবে এটি বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিযানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা “কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
পাঠকের মন্তব্য