![]()
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস-এর একটি ফ্লাইটে লিমনের মরদেহ পাঠানো হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করা হয় গত ২৫ এপ্রিল। পরে ৩০ এপ্রিল ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-এর মরদেহও গত ১ মে শনাক্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কনস্যুলেট মায়ামি বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
২৭ বছর বয়সী লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।
এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মন্তব্য