![]()
তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ এবং কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের পোস্টিং পাওয়ার জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
প্রধানমন্ত্রী বলেন, “সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতি পরায়ণতা ও অপেশাদারিত্বের অন্যতম কারণ।”
তিনি আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমান বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা ও দায়বদ্ধতার ওপর সরকারের কার্যক্রমের সফলতা নির্ভর করে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনগণের রায় প্রতিফলিত হয়, আর প্রশাসনকে কাজ করতে না দিলে কী হতে পারে, সেটিও অতীতের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে।
বর্তমান সরকারের সামনে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মতো চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিস্থিতির মধ্যেও সরকার একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার চেষ্টা করছে।
তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের মতো উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন।
একই সঙ্গে জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী-শিশু নির্যাতন রোধে কার্যকর ভূমিকা রাখা হয়।
চার দিনব্যাপী এই ডিসি সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়ের অংশগ্রহণে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য