![]()
সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Bobi Hajjaj।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালীতে BRAC সেন্টারে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত নির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বছরে একবার করে বিনামূল্যে ইউনিফর্ম পাবে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়ক হবে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে কিছু বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে তা দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার গুণগত মান উন্নয়নে ‘থ্রি-সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সির ওপর গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান শিক্ষাক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে বলেন, অনেক শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে পারছে না, যা পাঠ্যসূচির জটিলতার ইঙ্গিত দেয়। তাই কারিকুলাম পর্যালোচনা ও আধুনিকায়নের কাজ চলছে।
শিশুদের শেখার প্রক্রিয়া আরও আকর্ষণীয় করতে খেলাধুলা ও গল্পভিত্তিক শিক্ষার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, কোনো সংস্কার হঠাৎ করে বাস্তবায়ন করা হবে না; বরং পাইলটিং ও শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে তা কার্যকর করা হবে।
সহশিক্ষা কার্যক্রম জোরদারে সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।
শিক্ষক প্রশিক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, পিটিআইয়ের ১০ মাসের প্রশিক্ষণ তাত্ত্বিকভাবে শক্তিশালী হলেও এর ব্যবহারিক প্রয়োগ বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ নীতি সংলাপে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং BRAC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক সুপারিশকে শিক্ষা সংস্কারের অংশ করতেই এই সংলাপের আয়োজন করা হয়।
পাঠকের মন্তব্য