![]()
ইবি রিপোর্ট
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি রক্ষায় দেশ-বিদেশের সবাইকে হামলাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউনূস বলেন, প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
বিবৃতিতে তিনি জানান, বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ক্ষুদ্রঋণের এই মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। নারীদের স্বাবলম্বী হওয়া, সন্তানদের শিক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন গঠনে প্রতিষ্ঠানটি সহায়তা করছে।
ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা হচ্ছে। এসব ঘটনায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। তার মতে, এসব হামলার ধরন দেখে মনে হচ্ছে, ওপরের মহলের নির্দেশনায় অপরাধীরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।
তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এতে লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একই ধারাবাহিকতায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনায় তিনি যুক্ত নন এবং কোনো শেয়ারের মালিকও নন।
তিনি জানান, ব্যাংকটি ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য