![]()
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়’ অর্জন করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বিজয় দাবি করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি একটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়। শতভাগ—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা তিনি ভবিষ্যৎ আলোচনার জন্য একটি ‘কার্যকর ভিত্তি’ হিসেবে দেখছেন।
তবে চুক্তি ভেস্তে গেলে ইরানের বেসামরিক অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতু—ধ্বংস করার আগের হুমকি কার্যকর হবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সেটি দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।”
এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জোর দিয়ে উল্লেখ করেছেন—যেকোনো শান্তি চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। তবে ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট কিছু না জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে একটি নিখুঁত ব্যবস্থা নেওয়া হবে—তা না হলে আমি এই সমঝোতায় আসতাম না।”
পুরো সংঘাতজুড়ে বিভিন্ন সময় লক্ষ্য ও সময়সীমা পরিবর্তন করলেও ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটনের প্রধান সামরিক ও কৌশলগত উদ্দেশ্যগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে।
পাঠকের মন্তব্য