![]()
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ‘ব্লেন্ডিং’ পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিশেষ করে মহানগর এলাকায় বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই পদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক সংকট দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা স্কুল সিস্টেমকে আংশিকভাবে অনলাইনে এনে অন ও অফ—অর্থাৎ ব্লেন্ডিং পদ্ধতিতে পরিচালনার বিষয়টি ভাবছি।”
তিনি আরও বলেন, রমজানের ছুটি ও বিভিন্ন পরিস্থিতির কারণে পাঠদানে কিছু ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সরকারের পক্ষ থেকে করা এক জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইনে গেলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এমন আশঙ্কার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি জানান, এই প্রস্তাব আগামী বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত অবকাঠামো ও শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।