![]()
দক্ষিণ লেবানন-এ স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর তীব্র লড়াই চলছে। সর্বশেষ এই সংঘর্ষে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।
সেনাবাহিনীর একাধিক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে অভিযানের সময় কাছাকাছি অবস্থানে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, নাহাল রিকনসান্স ইউনিটের সদস্যরা অভিযান চালানোর সময় হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। খুব কাছ থেকে সংঘর্ষের ফলে দ্রুত হতাহতের ঘটনা ঘটে।
গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ২০০-র বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক বিস্ফোরণ ও হামলায় তাদের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংঘাতের মাত্রা বাড়িয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে লিটানি নদী পর্যন্ত একটি ‘বাফার জোন’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু এবং সরবরাহ লাইন লক্ষ্য করে হামলা চালাচ্ছে, বিশেষ করে বেকা উপত্যকায় নতুন ফ্রন্ট খোলার মাধ্যমে যুদ্ধের বিস্তার ঘটছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।