
আজ (১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে কক্সবাজার থেকে তিনটি যাত্রীবাহী জাহাজে মোট ১,১৭৪ জন পর্যটক দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলো সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে গিয়ে দুপুর ১২টা ৩০ থেকে ১টার মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছাবে। তবে মৌসুমের প্রথম দিনেই অনলাইন নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে ‘কেয়ারি সিন্দাবাদ’ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন, তবে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা মেনে চলা হবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, “আজ সকালেই তিনটি জাহাজে ১,১৭৪ জন পর্যটক রওনা হয়েছেন। সকাল ৬টা থেকে পর্যটকরা জাহাজে উঠতে শুরু করেন।”
পরিবেশ সংরক্ষণের জন্য সিঙ্গেল-ইউজ প্লাস্টিক কমানোর উদ্যোগে, নুনিয়ারছড়া ঘাটে পর্যটকদের বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তােরা ঘাটে উপস্থিত থেকে সরকারের নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করেছেন।
জাহাজগুলো প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং পরের দিন বিকাল ৩টায় দ্বীপ থেকে ফিরে আসবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৪ জানুয়ারি পরিবেশ মন্ত্রণালয় দ্বীপসংলগ্ন ১,৭৪৩ বর্গকিলোমিটার বঙ্গোপসাগরের এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে।
পাঠকের মন্তব্য