
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, “সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরাও দোয়া চাইছি—আল্লাহ যেন দ্রুত সুস্থ করে তাকে ফিরে আসার সুযোগ দেন।”
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “তার সব মেডিকেল বিষয় ডা. জাহিদের তত্ত্বাবধানে। তিনি বিস্তারিত জানাতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি—তিনি অসুস্থ, এবং আমাদের চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত করেই চিকিৎসা চলছে।”
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অনেক আন্দোলন, আত্মত্যাগ আর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের সনদ আমরা স্বাক্ষর করেছি।”
তিনি জানান, “এখন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। সরকার ঘোষণা করেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী—জনগণ তাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।”
বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে। দায়িত্ব পেলে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবো।”
পাঠকের মন্তব্য