
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সুপারিশকৃত চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের বাইরে গণমাধ্যমকে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, গত তিনদিনে (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসা নিতে পারছেন। তিনি সকলের কাছে দোয়ার অনুরোধও করেছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে অধ্যাপক জাহিদ বলেন, এটি তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে।
খালেদা জিয়া ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। তিনি বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসা কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পারিবারিক সদস্য ও দলের নেতারা সক্রিয়ভাবে সমন্বয় করছে।
অধ্যাপক জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ইউকে, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, তিনি উল্লেখ করেছেন যে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সেবায় ব্যাঘাত না ঘটাতে হাসপাতালে ভিড় এড়িয়ে চলার জন্য দলের নেতা-কর্মীদের অনুরোধ করা হয়েছে।
পাঠকের মন্তব্য