![]()
ভেনেজুয়েলা ট্রাম্পের আকাশসীমা বন্ধের হুঁশিয়ারিকে ‘ঔপনিবেশিক হুমকি’ হিসেবে নিন্দা জানিয়েছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা তাদের আকাশসীমার সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার একটি উদ্ভট, অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন এবং এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রচেষ্টা।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের অনুরোধ—ভেনেজুয়েলার ওপরের ও আশপাশের আকাশপথকে পুরোপুরি বন্ধ ধরে নিন।”
এ বিষয়ে আল-জাজিরার ল্যাটিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান বলেন, ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে মাদুরোর সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে, এটি মাদক পাচার রোধের জন্য, তবে বিশেষজ্ঞরা বলছেন, আসল উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করা।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং মাদক চোরাচালান সন্দেহে নৌযানে হামলা চালিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।
মাদুরো জানিয়েছেন, ভেনেজুয়েলার জনগণ ভয় পাবে না এবং যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ প্রতিহত করবে। বিশ্লেষকরা বলছেন, এই নীতির ফলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে, যাদের ওপর দেশটি বহু বছর ধরে দারিদ্র্য ও বেকারত্বের সঙ্গে লড়াই করছে।
পাঠকের মন্তব্য