![]()
৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য সামনে থাকলেও ভারতের লক্ষ্য ছিল অন্তত ম্যাচ ড্র করে হোয়াইটওয়াশ এড়ানো। শেষ দিনে হাতে ছিল ৮ উইকেট। ২ উইকেটে ২৭ রান থেকে বুধবার খেলা শুরু করেছিল দলটি। কিন্তু দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং ও অবিশ্বাস্য ফিল্ডিংয়ে ভেঙে পড়ে ভারতের প্রতিরোধ।
কেশব মহারাজের বলে বাউন্ডারি তুলতে গিয়ে মোহাম্মদ সিরাজের ক্যাচ নেন মার্কো জানসেন—দৌড়ে এসে বল হাতে নিয়েই পড়ে যান, তবুও হাত থেকে বল পড়তে দেননি। এই অসাধারণ ক্যাচই ভারতকে ১৪০ রানে গুটিয়ে দেয় এবং দক্ষিণ আফ্রিকা পায় ৪০৮ রানের ঐতিহাসিক জয়। ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা—এটাই আবার ভারতের ঘরের মাঠে তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
খেলার শুরুতেই সিমন হারমার প্রথম সেশনে এক ওভারেই তুলে নেন কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে। পরে ঋশাভ পান্তকেও ফিরিয়ে দিয়ে ভারতের প্রতিরোধ ভেঙে দেন তিনি।
সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কিছুটা লড়াই গড়লেও দ্বিতীয় সেশনের শুরুতেই ভেঙে যায় তাদের জুটি। মুথুসামির বলে এজ দিয়ে ১৩৯ বলে ১৪ রানে ফেরেন সুদর্শন।
ওয়াশিংটন সুন্দর ও জাদেজা ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও সাফল্য মিলেনি। হারমারের বলে সুন্দর আউট হলে এডেন মারক্রাম এক টেস্টে সর্বোচ্চ ৯ ক্যাচ নিয়ে ভাঙেন আজিঙ্কা রাহানের বিশ্ব রেকর্ড। এটি হারমারের পঞ্চম উইকেট ছিল। পরে নিতিশ রেড্ডিকেও ফিরিয়ে ষষ্ঠ উইকেট নেন তিনি। ম্যাচে মোট ৯ উইকেট তার ঝুলিতে।
ফিফটি করা জাদেজাও শেষপর্যন্ত টিকতে পারেননি। মহারাজ একই ওভারে ফিরিয়ে দেন জাদেজা (৫৪) ও সিরাজকে।
শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৪০ রানে, আর দক্ষিণ আফ্রিকা তুলে নেয় স্মরণীয় ৪০৮ রানের জয়—যা তাদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।
পাঠকের মন্তব্য