
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
সভায় মাদক প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেসব কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করবেন বা কাউকে অবৈধ সুবিধা দেবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা হবে—আগের মতো শুধু জিডি করে রেখে দেওয়া হবে না।
তিনি নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
পাঠকের মন্তব্য