
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই।’
আজ শনিবার শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি সকলকে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে চাই। ছোটখাটো ভিন্নমতকে তুচ্ছ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই।’
তিনি স্মরণ করান, ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের ফলে সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, গণতন্ত্রকামীদের ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের ইতিহাস জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, দুই হাজারের বেশি নেতাকর্মীর হত্যা ও গুমের ঘটনা এবং বিভিন্ন আলেম-ওলামার বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনা জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।
তিনি বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়—যেখানে কোনো বিদেশি শক্তির প্রভাব থাকবে না এবং সিদ্ধান্ত হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘নয়া দিগন্ত আমাদের সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তবুও ধৈর্য, সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন।’
পাঠকের মন্তব্য