![]()
ইবি রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নবীনবরণ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাইম ভূঁইয়া।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. আবু বাকের মজুমদার। বিশেষ অতিথিদের মধ্যে আরও থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা মহানগর এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম এবং কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহের। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও নেতারাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
নাইম ভূঁইয়া বলেন, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বর বরণ করে নেওয়া হবে। এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নিলয় বড়ুয়া জানান, নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করাও এ আয়োজনের লক্ষ্য। এ ছাড়া আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগ তৈরি করা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরার বিষয়টিও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে পরিচিতি ও মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করবে। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের উপস্থিতিতে জুলাই আন্দোলনের চেতনা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
পাঠকের মন্তব্য