![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপি। একই সময়ে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতিও বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণের পাশাপাশি হারও বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা।
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নীতিসহায়তা ও পুনঃতফসিলের সুযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফের মাধ্যমে এককালীন ঋণ থেকে বের হওয়ার সুযোগ এবং বড় ঋণখেলাপিদের জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পুনর্গঠনের ব্যবস্থা। তবে এসব সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা থামানো যায়নি।
ব্যাংক খাতে খেলাপি ঋণের দীর্ঘমেয়াদি চিত্রেও বড় পরিবর্তন দেখা গেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি টাকা। পরবর্তী দেড় দশকে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। ওই সময় বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ ছিল খেলাপি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় পৌঁছেছিল। এরপরও ঋণ আদায় ও খেলাপি পরিস্থিতির উন্নতি হয়নি।
খেলাপি ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার ওপরও চাপ তৈরি হচ্ছে। নিয়ম অনুযায়ী, অনাদায়ী ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হয়। কিন্তু খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন রাখতে পারছে না। গত সেপ্টেম্বর শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশই মন্দ ঋণে পরিণত হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪৯৫ কোটি। মন্দ ঋণ সাধারণত আদায়ের সম্ভাবনা কম থাকা ঋণ হিসেবে বিবেচিত হয়। ফলে বিপুল পরিমাণ ঋণ এ শ্রেণিতে চলে যাওয়ায় ব্যাংকগুলোর জন্য তা আদায় করা কঠিন হয়ে পড়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিস্থিতি বেশি নাজুক
ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের মোট ঋণ ছিল ৩ লাখ ২১ হাজার ৩৩৪ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা খেলাপি। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই অনাদায়ী।
একই সময়ে এসব ব্যাংকের প্রভিশন সংরক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ৯২৫ কোটি টাকা। কিন্তু বাস্তবে সংরক্ষণ করা হয়েছে মাত্র ২৭ হাজার ৮৪২ কোটি টাকা। এতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৩ কোটি টাকায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ছাড়ের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রকৃত ঘাটতির তুলনায় কম পরিমাণ দেখাচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ২২ হাজার ৩৩৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক শূন্য ২ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৯৫ কোটি টাকায়।
বিশেষায়িত সরকারি ব্যাংকগুলোর ঋণ স্থিতি ছিল ৪৬ হাজার ৩২৫ কোটি টাকা। এর মধ্যে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি, যা মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে মোট ৬৬ হাজার ১৭৬ কোটি টাকা ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ খেলাপি হয়েছে।
ডিসেম্বরের মধ্যে উন্নতির আশা কেন্দ্রীয় ব্যাংকের
খেলাপি ঋণ বাড়লেও আগামী ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, খেলাপি ঋণ কমাতে দেওয়া নীতিসহায়তার অনেকগুলোই ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কার্যকর হচ্ছে। বেশ কিছু প্রস্তাব যাচাই-বাছাই ও পরিচালনা পর্ষদের অনুমোদন শেষে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর নাগাদ এসব উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যাবে। তবে নীতিসহায়তা পাওয়ার পরও যেসব ঋণখেলাপি গ্রাহক ঋণ পুনঃতফসিল করবেন না, তাঁদের জন্য কঠোর পরিস্থিতি অপেক্ষা করছে বলে সতর্ক করেন তিনি।
আরিফ হোসেন খান আরও জানান, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন পাস হলে ঋণ পরিশোধে অনাগ্রহী গ্রাহকদের পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
পাঠকের মন্তব্য