![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান অসন্তোষের প্রভাব পড়েছে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে। গতকালের ধারাবাহিকতায় আজও অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় অতিরিক্ত সদস্য নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে শিল্পাঞ্চলের যেসব কারখানা খোলা ছিল, সেগুলোতে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করেন। তবে দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে অংশ নেননি। ফলে এসব কারখানায় কর্মবিরতির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
এদিকে, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হামীম, এনভয় ও নীট এশিয়াসহ কয়েকটি কারখানা।
শিল্পাঞ্চলে কর্মবিরতি চললেও সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় আজ পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত জনবল নিয়ে মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, মজুরি বোর্ড গঠন, এর কার্যক্রম এবং মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ শ্রমিকের বিস্তারিত ধারণা নেই। তাঁদের কাছে মজুরি বোর্ড গঠনের অর্থ হলো, মজুরি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
কিন্তু বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের দরকষাকষি এবং প্রস্তাব উপস্থাপনের বিষয়টি অনেক শ্রমিকের কাছে পরিষ্কার নয়। এর মধ্যে গতকালের সভায় মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, শ্রমিকদের এই অস্পষ্টতা কাজে লাগিয়ে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করতে পারে তৃতীয় কোনো পক্ষ। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে শিল্পাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ বাড়তি সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মন্তব্য