![]()
ইবি রিপোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠককে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে আলোচনার আড়ালে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব।
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের কথিত বৈঠকের খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
এর আগে রোববার কলকাতার একাধিক বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। প্রতিবেদনে ধারণা করা হয়, বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।
তবে এসব প্রতিবেদনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেছে যুগান্তর। তাদের কেউ সরাসরি বৈঠকের কথা স্বীকার করেননি, আবার কেউ তা অস্বীকারও করেননি। বরং প্রকাশিত খবরের সত্যতা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন কয়েকজন।
কলকাতার নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কলকাতায় থাকা দলের অন্য এক নেতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
ওই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারতের সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, তা কি ভুল? যদি খবরগুলো মিথ্যা হয়, তাহলে আপনারা এই বৈঠকের সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন কেন?’
দলটির আরও কয়েকজন নেতার সঙ্গেও কথা বলে একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের বক্তব্যেও বৈঠকের বিষয়ে সরাসরি স্বীকার বা অস্বীকারের পরিবর্তে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।
কলকাতার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কথিত প্রতিনিধিদলের চার সদস্য হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম উল্লেখ করা হয়েছে।
তবে বৈঠকে তাদের উপস্থিতি কিংবা আলোচনার বিষয়বস্তু স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার দেশে প্রত্যাবর্তন, রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এর মধ্যেই ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কথিত তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মন্তব্য