![]()
ইবি রিপোর্ট
দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় রাষ্ট্রপতি তাকে এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের বছরব্যাপী কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত এবং পরিবার পরিকল্পনার মতো মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো চরম অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার এসব খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি জানান, স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়াতে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা বৈঠকে অংশ নেন।
পাঠকের মন্তব্য