![]()
ইবি রিপোর্ট
আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে বাংলাদেশের জ্বালানি খাত। চড়া দামে গ্যাস আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার ব্যয় হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সরকারের ভর্তুকির প্রয়োজন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। বিপরীতে একই সময়ে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা, যেখানে পুরো অর্থবছরের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট ৩৪টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৯টি, আগস্টে ৬টি, সেপ্টেম্বরে ৯টি এবং অক্টোবরে ১০টি কার্গো এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। বছরের শুরুতে প্রতি মিলিয়ন এমএমবিটিইউ এলএনজির দাম ১০ থেকে ১২ ডলারের মধ্যে থাকলেও বর্তমানে তা প্রায় ৩০ ডলারে পৌঁছেছে।
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে বাংলাদেশকে। তবে বেশি দাম দিয়েও প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। গত আগস্টে কয়েকটি কার্গো কেনার জন্য তিন দফায় দরপত্র আহ্বান করা হলেও তিনটির মধ্যে দুটি সংগ্রহ করা সম্ভব হয়। সেপ্টেম্বরে ভিটল এশিয়া ও টোটাল এনার্জিসের কাছ থেকে যথাক্রমে ২৯ দশমিক ৭৯৫ ও ২৮ দশমিক ৯৫ ডলারে এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়।
এ পরিস্থিতিতে এলএনজি আমদানিতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহারের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, জরুরি আমদানির সুযোগকে কেন্দ্র করে কমিশন বাণিজ্যের পুরোনো চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় মধ্যস্বত্বভোগী এবং প্রভাবশালী মহলের একটি অংশ এ প্রক্রিয়া থেকে সুবিধা নেওয়ার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, এলএনজি আমদানিতে আবারও ডিপিএম চালুর জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। সরবরাহ সংকট ও জরুরি আমদানির প্রয়োজনকে সামনে রেখে তারা এ পদ্ধতিতে কেনাকাটার সুযোগ বাড়াতে চায়। তবে ডিপিএম নিয়মিত ক্রয়পদ্ধতি হতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এ পদ্ধতির প্রয়োজন হলেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া কিংবা প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।
গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল ও ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গ্যাস সংগ্রহের প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছাড়া ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে ট্রাফিগুরার কাছ থেকে মোট ৯টি কার্গো আমদানির চূড়ান্ত দর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ব্যয়ের চাপ বেড়েছে। একপর্যায়ে বেশি দাম দিয়েও স্পট মার্কেটে এলএনজি পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপিএমের পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি চুক্তির মাধ্যমেও আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
এলএনজি আমদানির ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে সরকারের ভর্তুকি ব্যবস্থাপনাতেও। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে মোট ব্যয় হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। শুধু ২০২৫-২৬ অর্থবছরেই আমদানিতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৭৮৭ কোটি টাকা এবং ভর্তুকি দিতে হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
অন্যদিকে আমদানি ব্যয় মেটাতে ডলারের চাহিদা বাড়ার পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচেও। এর প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের ওপর। গত জুনে বিদ্যুতের বিল ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মিলন শেখ কালের কণ্ঠকে বলেন, বিদ্যুতের বিল বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সেবার দামেও পড়ছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, এলএনজির দামের ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি ব্যয় এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অব্যবহৃত গ্যাসসম্পদ কাজে লাগানো, জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ করা গেলে বাংলাদেশ বেশি লাভবান হবে।
অন্যদিকে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পাঠকের মন্তব্য