![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে এইচআইভি শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে শিক্ষার্থীদের অংশ ক্রমেই বাড়ছে। পাঁচ বছরের ব্যবধানে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের হার ৭ দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৭ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালে দেশে নতুন করে এইচআইভি পজিটিভ শনাক্ত হওয়া ১ হাজার ৮৯১ জনের মধ্যে ৩২১ জনই শিক্ষার্থী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ প্রবণতাকে উদ্বেগজনক উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সচেতনতা কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন, যা মোট শনাক্তের ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন বা ১৪ দশমিক ৫০ শতাংশ ছিলেন শিক্ষার্থী। ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) এবং ২০২১ সালে ৭২৯ জনের মধ্যে ৫২ জন (৭ দশমিক ১৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের হার কমে গেলেও পরবর্তী বছরগুলোতে তা ধারাবাহিকভাবে বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা এবং পরীক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকাও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বাড়ায় স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সহজলভ্য পরীক্ষার ব্যবস্থা সম্প্রসারণ এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। আক্রান্ত তরুণদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি তাদের প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক আচরণ দূর করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি-সংক্রান্ত তহবিল মূলত বিদেশ থেকে আসত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক বিদেশী তহবিল আসা বন্ধ হয়ে যায়। এ কারণে এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে। সামগ্রিকভাবে আমাদের এইচআইভি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। তবে প্রচার-প্রচারণা বন্ধ করা যাবে না। বিভিন্ন স্কুল, ক্লাব ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। শুধু বিদেশী অর্থায়নের ওপর নির্ভর নয়; নিজেদের সক্ষমতাও বাড়াতে হবে।’
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্যমতে, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত দেশে এইচআইভি আক্রান্ত ২ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে নতুন শনাক্তদের ২১ দশমিক শূন্য ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছরের মধ্যে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের হার ৪ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ ৬২ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছেন ২৫ থেকে ৪৯ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে। অর্থাৎ আক্রান্তদের বড় অংশই তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষ।
নতুন শনাক্তদের জনগোষ্ঠীভিত্তিক পরিচয় বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে আক্রান্তদের মধ্যে ৩৪ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১৪ শতাংশ পুরুষ যৌনকর্মী, ১২ শতাংশ অভিবাসী, ১১ শতাংশ রোহিঙ্গা এবং ৬ শতাংশ সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারী। নতুন শনাক্তদের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য ছিলেন ২১৭ জন।
সামগ্রিকভাবে দেশে এইচআইভির প্রাদুর্ভাব এখনো কম। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। মোট জনসংখ্যার তুলনায় সংক্রমণের হার এখনো দশমিক শূন্য ১ শতাংশের নিচে।
তবে শনাক্তকরণ ও চিকিৎসাসেবায় ঘাটতি রয়েছে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ১৭ হাজার ৪৮০ জন এইচআইভি নিয়ে বসবাস করলেও আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্তদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) গ্রহণ করেছেন। এই চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কারণ এখন বেশিসংখ্যক মানুষকে স্ক্রিনিং করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে এ সংখ্যা অনেক কমেছে। এটি ভালো সংবাদ।’
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের এক উপস্থাপনায় এইচআইভি মোকাবেলার কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা। এ ছাড়া সাধারণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও জ্ঞানের ঘাটতি, সরকারি সংস্থা ও কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। সরকারিভাবে এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এইচআইভি প্রতিরোধযোগ্য একটি রোগ। এক্ষেত্রে মানুষকে সচেতন করা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করা জরুরি। মূলত সচেতনতা তৈরির মাধ্যমেই এ রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতা বাড়ানোর উদ্যোগ চালু রয়েছে। জাতীয় পর্যায়ে পরিচালিত এসব কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়।’
পাঠকের মন্তব্য