![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ার পথে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। স্পিকার পদে দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁর সামনে খুলেছে নতুন সম্ভাবনা। নির্বাচিত হলে তিনিই হবেন প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।
গতকাল বুধবার দলের অভ্যন্তরীণ ভোটে আবারও নেতা নির্বাচিত হন জেফ্রিস। নিউইয়র্কের একটি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা পান ২৫১ ভোট। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ১১ জন। ২০২৩ সাল থেকে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতার দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন থেকেই পরিষদের নতুন মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে। নতুন মেয়াদে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকবে ডেমোক্রেটিক পার্টির হাতে। ফলে স্পিকার নির্বাচনে দলটির অবস্থানও শক্তিশালী থাকবে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোয় স্পিকারের পদটি বিশেষ সাংবিধানিক মর্যাদা বহন করে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর পদাধিকার অনুযায়ী স্পিকারের অবস্থান। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এ কারণে জেফ্রিসের স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
শেষ পর্যন্ত নির্বাচিত হলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব নেবে তাঁর দল। একই সময়ে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে থাকবে। মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের জেফ্রিস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। একই সঙ্গে এটি আমার জন্য বিশেষ সুযোগ।’
গতকাল বুধবারের হালনাগাদ হিসাব অনুযায়ী, আগামী বছর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন হবে ২৫৭টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২১৮টি আসন। অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যার তুলনায় দলটির আসন থাকবে অনেক বেশি। তবে মধ্যবর্তী নির্বাচনে সাতটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
ডেমোক্র্যাট সদস্যদের নিয়ে গঠিত ‘কংগ্রেসনাল ব্ল্যাক ককাস’ মনোনয়নকে ঐতিহাসিক ঘটনা বলেছে। সংগঠনটির মতে, নির্বাচিত হলে জেফ্রিস হবেন পরিষদে নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জেফ্রিস আগে করপোরেট আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি সাধারণত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো ভেবেচিন্তে বিবেচনা করেন। দলের কয়েকজন সদস্য ব্যক্তিগত আলাপে তাঁর সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে দ্বিধার কথা বলেছেন।
তবে জেফ্রিসের ঘনিষ্ঠদের ধারণা, স্পিকার হলে তিনি দৃঢ়ভাবে ক্ষমতা প্রয়োগ করবেন। ট্রাম্প প্রশাসন এবং বড় মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে সংঘাতে যেতেও তিনি প্রস্তুত থাকবেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা তাঁর জন্য সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাটদের অনেকের আশঙ্কা, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে খুব সামান্য সহযোগিতা পাওয়া যেতে পারে। এমনকি কোনো সহযোগিতা নাও মিলতে পারে বলে তাঁদের ধারণা।
সূত্র: বিবিসি