![]()
ইবি রিপোর্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং দেশে ফিরলে তার বাবার করা আইনেই বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই। তার প্রত্যাবর্তন নিয়ে সরকার কোনো চাপে নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করছে না বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সরকার কোনো শর্ত দেবে বলেও মনে করেন না তিনি।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এই আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির অপতৎপরতা প্রতিরোধে সরকারের নজরদারি রয়েছে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা সরকার মেনে নেবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে গোপালগঞ্জে কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।
গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তবে এ বিষয়ে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
ডা. জাহেদ বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ ছাড়া পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাড়ানো হবে।
এ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে যাত্রাপালা কিংবা সার্কাসের আয়োজন করা হলে তাতে কোনো বাধা দেওয়া হবে না। তবে এসব আয়োজনের আড়ালে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
পাঠকের মন্তব্য