![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে তাঁদের ভূমিকার স্বীকৃতি দিয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পুতিন।
বৈঠকের শুরুতে পুতিন জানান, পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরীয় সেনারাও অংশ নিয়েছিলেন। ওই অঞ্চলটি ইউক্রেনের দখলে ছিল বলে উল্লেখ করেন তিনি।
পুতিন বলেন, ‘রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব আমরা কখনো ভুলব না।’
যৌথ সামরিক অভিযানের স্মৃতি ধরে রাখতে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচনের পরিকল্পনা রয়েছে মস্কোর। একই সঙ্গে অঞ্চলটির অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর ভূমিকার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।
বৈঠকে জো ইয়ং-ওন বলেন, তাঁদের প্রতিনিধিদলের এই সফর পুতিনের প্রতি উত্তর কোরিয়ার দল ও সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন। তিনি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় মস্কোর অবস্থানের প্রতি সমর্থন জানান।
এ ছাড়া ‘নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ পুনরুজ্জীবিত করার জন্য যুক্তরাষ্ট্র ও সম্মিলিত পশ্চিমাদের প্রচেষ্টা’ মোকাবিলায় রাশিয়ার উদ্যোগের প্রতিও পিয়ংইয়ংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন জো ইয়ং-ওন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে নতুন অভিযোগ তুলেছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে রাশিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, এই সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে।
জেলেনস্কি আরও বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশের কাছে কার্যকর হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ায় অবস্থান করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকেন্দ্রগুলো ধ্বংসের বিষয়টি নিয়ে আবার আলোচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। তিনি একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরীয় সেনা মোতায়েনের পর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
সামরিক সহযোগিতার পাশাপাশি মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক যোগাযোগও জোরদার হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই জো ইয়ং-ওনের মস্কো সফর অনুষ্ঠিত হলো।