![]()
ইবি স্পোর্টস ডেস্ক
ব্রাজিলিয়ান ফুটবলে ‘দ্য ব্রেন’ নামে পরিচিত দিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে গত রোববার মারা গেছেন পঞ্চাশ ও ষাটের দশকের এই কিংবদন্তি। তাঁর মৃত্যুর পর বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারের তালিকায় পরিবর্তন এসেছে। এখন সেই তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার পেপে।
দূরদর্শিতা, বুদ্ধিমত্তা এবং নিখুঁত পাসের জন্য পরিচিত ছিলেন দিনো সানি। সে সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচিত হতেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে খুব কমই ফাউলের আশ্রয় নিতেন। দূরপাল্লার শটেও তাঁর দক্ষতা ছিল প্রশংসনীয়। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সানির মৃত্যুর আগপর্যন্ত বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার ছিলেন তিনি। তাঁর বিদায়ের পর সেই অবস্থানে উঠে এসেছেন ৯১ বছর বয়সী পেপে। সান্তোসের এই কিংবদন্তি ১৯৫৮ সালে সানির সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন। পরে ১৯৬২ সালেও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন তিনি।
বর্তমানে বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারদের তালিকার শীর্ষ পাঁচে ব্রাজিলিয়ানদের আধিপত্য রয়েছে। তালিকার প্রথম স্থানে থাকা পেপের বয়স ৯১ বছর। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মোয়াকির। তাঁর বয়স ৯০ বছর।
তৃতীয় স্থানে রয়েছেন ৮৮ বছর বয়সী হোসে আলতাফিনি। ’৫৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার মাজ্জোলা নামেও পরিচিত। চতুর্থ অবস্থানে আছেন ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ বিশ্বকাপজয়ী টেরি পাইন। সাবেক এই ফরোয়ার্ডের বয়স ৮৭ বছর। পঞ্চম স্থানে রয়েছেন ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আমারিল্ডো। তাঁর বয়সও ৮৭ বছর।
দিনো সানির মৃত্যুর পর ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের জীবিত সদস্য এখন মাত্র তিনজন। তাঁরা হলেন পেপে, মোয়াকির ও মাজ্জোলা। সুইডেনে অনুষ্ঠিত ৬৮ বছর আগের সেই বিশ্বকাপে ব্রাজিলের ২২ সদস্যের দলে ছিলেন ১৯ জন। তাঁদের সবাই ইতিমধ্যে মারা গেছেন।
২০২৪ সালের ৫ জানুয়ারি মারিও জাগালো মারা যাওয়ার পর সানি পেয়েছিলেন সবচেয়ে বেশি বয়সী জীবিত বিশ্বকাপজয়ী ফুটবলারের অবস্থান। তবে ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের মূল একাদশের কোনো খেলোয়াড়ই এখন আর জীবিত নেই। জাগালোর মৃত্যুর মধ্য দিয়ে সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটে।
সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন সানি। পরে চোটের কারণে দল থেকে ছিটকে যান তিনি। তাঁর জায়গায় খেলেছিলেন জিতো। ২০১৫ সালে মারা যান জিতো।
১৯৩২ সালে সাও পাওলোতে জন্মগ্রহণ করেন দিনো সানি। পালমেইরাসের হয়ে শুরু হয়েছিল তাঁর ফুটবল ক্যারিয়ার। ব্রাজিলের যেসব ফুটবলার আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে খেলেছেন, তাঁদের একজন ছিলেন তিনি। ইতালিয়ান বংশোদ্ভূত মা-বাবার ঘরে জন্ম নেওয়া সানির ক্যারিয়ারের সেরা সময় কেটেছে এসি মিলানে।
ইতালির ক্লাবটির হয়ে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ জেতেন সানি। ১৯৬২-৬৩ মৌসুমে জয় করেন ইউরোপিয়ান কাপ। খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘদিন কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে চারটি গোল করেন সানি। এসব ম্যাচে তাঁর দল ১৬টি জয়, চারটি ড্র এবং চারটি পরাজয়ের মুখোমুখি হয়।
অন্যদিকে, ১৯৩৫ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পেপে। পুরো খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। ক্লাবটির হয়ে ৭৪১ ম্যাচে ৪০৫ গোল করেছেন তিনি। সান্তোসের নথি অনুযায়ী, পেলের পর ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পেপে।
বাঁ পায়ের জোরালো শটের জন্য তাঁর ডাকনাম ছিল ‘ক্যানন অব ভিলা বেলমিরো’। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পেপে। দুই বিশ্বকাপের আগেই প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ফলে তাঁর জায়গায় খেলেছিলেন ‘বুড়ো নেকড়ে’ নামে পরিচিত মারিও জাগালো।