![]()
ইবি রিপোর্ট
চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে এবং সেখানে মানুষের বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগ দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিতরা চাঁদে ঘাঁটি নির্মাণ, বসবাস ও গবেষণায় যুক্ত হবেন। ভবিষ্যতে মঙ্গলে মানব অভিযানেও তাঁরা ভূমিকা রাখবেন।
গত শনিবার (৭ নভেম্বর) নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এ নিয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, নতুন নভোচারীদের কেউ চাঁদে হাঁটার সুযোগ পাবেন। কেউ আবার সেখানে নির্মিত ঘাঁটিতে থেকে কাজ করবেন। মঙ্গলে নভোচারী পাঠানোর প্রস্তুতিতেও তাঁদের অবদান থাকবে।
এই নিয়োগ নাসার আর্টেমিস কর্মসূচির অংশ। এর আওতায় চাঁদে আবার মানুষ পাঠাতে চায় সংস্থাটি। নাসার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালে নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্যে কাজ চলছে।
নাসার তথ্য অনুযায়ী, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রিও থাকতে হবে। পাইলট হিসেবে প্রশিক্ষণের অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য দক্ষতা লাগবে।
নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৭ সালের শেষ দিকে নভোচারীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এরপর নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে।
এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল নাসা। তখন ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে বাছাই করা হয়।