![]()
ইবি বিনোদন রিপোর্ট
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অসুস্থ বাবার খোঁজে বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও কোনো তথ্য পাননি পরিবারের সদস্যরা। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন অভিনেত্রী।
সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার খবর জানান মেঘলা। সেখানে তিনি উল্লেখ করেন, সোমবার রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁর বাবা। রাত ৮টা ৫০ মিনিটে বাবার সঙ্গে সর্বশেষ কথা হয় তাঁর। এরপর থেকে মুঠোফোনে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
বাবার সন্ধান পেতে এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর বাবার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় উদ্বেগ ও মানসিক অস্থিরতার মধ্যে সময় কাটছে মেঘলা ও তাঁর পরিবারের।
ফেসবুক পোস্টে নেটিজেনদের উদ্দেশে বাবার সন্ধানে সহায়তা চেয়ে মেঘলা আরও লেখেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি।’
অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজের তদারকি করতেই সেখানে গিয়েছিলেন তাঁর বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার উদ্দেশে রওনা হন। কিন্তু নির্ধারিত গন্তব্যে তিনি আর পৌঁছাননি।
এদিকে বাবার খোঁজে উত্তরার আশপাশের হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছে পরিবার। কিন্তু এখন পর্যন্ত কোনো হাসপাতাল থেকে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য