![]()
ইবি রিপোর্ট
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ২০২৫ সালের শিক্ষা বৃত্তি কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ৮ নভেম্বর থেকে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বৃত্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য এবং আবেদনসংক্রান্ত নির্দেশনা ব্যাংকটির সিএসআর বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কারা আবেদন করতে পারবেন
২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে পড়াশোনা করছেন—এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
তবে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে নির্দিষ্ট জিপিএ থাকতে হবে। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে।
অন্যদিকে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় জিপিএ কমপক্ষে ৪ দশমিক ৫। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৫।
স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের ফলাফলের শর্ত রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে কমপক্ষে জিপিএ ৩ দশমিক ৫।
পরিবারের আয়ের সীমা
বৃত্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর আর্থিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যারাও এ সুযোগ পাবেন।
তবে এসব শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। এ হিসাবের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ভাতা অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ, মুক্তিযোদ্ধা ভাতা বাদে পিতা-মাতা বা অভিভাবকের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হলে আবেদন করার সুযোগ থাকবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
সোনালী ব্যাংকের ২০২৫ সালের শিক্ষা বৃত্তির আবেদন ৮ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ২৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর ওয়েবসাইটে: https://www.sonalibank.com.bd/csr
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার টাকা পাবেন।
পাঠকের মন্তব্য