![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির তুলনায় বাংলাদেশের কার্বন নিঃসরণ কম হওয়ায় কপ-৩১ সম্মেলন থেকে দেশের ন্যায্য হিস্যা পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে বিবেচিত হওয়া প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।
রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত উল্লেখ করে রিজভী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বেড়ে চলেছে। এর ফলে মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন বাস্তবতায় জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ তাৎপর্য বহন করে।
তিনি জানান, কপ-৩১ সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার উপায় নিয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এসব আলোচনার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।
রিজভীর ভাষ্য, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, সেগুলো কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার জন্য আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।
কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে তিনি আশা করেন।
এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ খুব কম কার্বন নিঃসরণ করে। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরা হবে।
নুরুল ইসলাম মনি আরও বলেন, ‘আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক।’ অন্য দেশের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে তিনি প্রত্যাশা করেন।
পাঠকের মন্তব্য