![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে আগের তুলনায় অনেক নমনীয় আচরণ করছে।
হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’
ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টি দীর্ঘদিন ধরে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ইরানের সামরিক সক্ষমতা কার্যত শেষ হয়ে গেলে কেন তিনি বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন না?
জবাবে ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কয়েকজন চমৎকার মিত্র রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’
ট্রাম্পের বক্তব্যে বোঝা যায়, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তার এমন দাবি থাকলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে আপাতত ওই অঞ্চল থেকে মার্কিন সেনা সরানোর পরিকল্পনা করছেন না তিনি।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শুধু সাময়িক কোনো সমাধান চায় না। বরং দীর্ঘমেয়াদি সমাধানের মাধ্যমে ইরানের পরমাণু অস্ত্র অর্জনের পথ বন্ধ করতে চায় ওয়াশিংটন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চাই, শুধু স্বল্পমেয়াদি নয়। ইরান কখনো পরমাণু অস্ত্র পাবে না। তবে এটি দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হবে।’
এরপর আবারও দ্রুত যুদ্ধ শেষ হওয়ার প্রত্যাশার কথা জানান ট্রাম্প। তবে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন, কয়েক মাস ধরেই তিনি যুদ্ধ শিগগির শেষ হওয়ার কথা বলে আসছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করার কথা অস্বীকার করেন।
ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, তারা পরমাণু অস্ত্র পাবে না। আর তাই তাদের পরমাণু অস্ত্র থাকবে না।’
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ রাখার বিষয়টিকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছেন ট্রাম্প। তার বক্তব্যে একদিকে সামরিক অভিযান শেষ হওয়ার দাবি থাকলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার কথাও উঠে এসেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মন্তব্য