ইবি আন্তর্জাতিক ডেস্ক![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’র ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের সমর্থকদের একাংশ এখন রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয়ের জন্য ট্রাম্পকেই দায়ী করছেন। একই সঙ্গে আন্দোলনের নেতৃত্ব, আদর্শ ও ভবিষ্যৎ পথচলা নিয়ে সমর্থকদের মধ্যে মতভেদ বাড়ছে।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনি অনুষ্ঠানে জয়ের প্রত্যাশায় জড়ো হয়েছিলেন ট্রাম্পের সমর্থকেরা। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাদের অনেকেই হতাশ হয়ে ফিরে যান। সেখানে ট্রাম্পের তিনবারের ভোটার ও ব্যবসায়ী মাইকেল লিটল নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্পই আমাদের ডুবিয়েছেন।’
বিশ্লেষকদের মতে, জ্বালানির বাড়তি দাম, ইরান যুদ্ধ এবং ওয়াশিংটনের দুর্নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। এসব কারণে শুধু নির্বাচনি ফলাফলেই নয়, ট্রাম্পের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক আন্দোলনটিও চাপের মুখে পড়েছে।
নির্বাচনে পরাজয়ের পরও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। বরং শুক্রবার অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তকে মাগা আন্দোলনের কট্টর সমর্থকেরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর মাধ্যমে আন্দোলনের অভিবাসনবিরোধী অবস্থান আরও জোরালো হবে।
তবে মাগা শিবিরের ভেতরে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতপার্থক্য বাড়ছে। সমর্থকদের একটি অংশ আন্দোলনকে আবারও জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী আদর্শে ফিরিয়ে নেওয়ার পক্ষে। অন্যরা মনে করছেন, কোনো একটি নির্দিষ্ট নেতার ওপর নির্ভরশীল না হয়ে আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা প্রয়োজন। আবার কারও কারও ধারণা, মাগা আন্দোলনের অবসান ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও মাগা আন্দোলনের প্রভাবশালী সমর্থক স্টিভ ব্যানন মনে করেন, আন্দোলনটিকে নতুন করে গড়ে তুলতে হবে। তার মতে, ভবিষ্যতে জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রয়টার্সের জন্য পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এক বিশ্লেষণে দেখা গেছে, মাগা সমর্থকদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের প্রায় অর্ধেক আন্দোলনের প্রতি সমর্থন ধরে রাখলেও নেতা হিসেবে ট্রাম্পকে আর সমর্থন করছেন না। অন্য অংশটি ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তার কর্মকাণ্ডের সমালোচনা করছে।
এদিকে নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের কয়েকজন নেতাও ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন। সিনেটর রন জনসন সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ তুলে বলেছেন, ট্রাম্প প্রশাসনেও দুর্নীতি রয়েছে। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্লিন স্টুটজম্যান স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন।
সূত্র: রয়টার্স
পাঠকের মন্তব্য