![]()
ইবি স্পোর্টস ডেস্ক
আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই দল গোছানোর পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। নিজেদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সম্ভাব্য এই অদলবদল নিয়ে আলোচনা এগিয়েছে আইপিএল কর্তৃপক্ষের পর্যায়েও।
ক্রিকেটবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হার্দিক ও অর্শদীপকে নিয়ে ট্রেডের বিষয়ে আগ্রহ প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে প্রথমে দুই ক্রিকেটারের লিখিত সম্মতি প্রয়োজন হবে। এরপর দুই পক্ষের চূড়ান্ত আলোচনা এবং অনুমোদনের মধ্য দিয়ে ট্রেডটি কার্যকর হতে পারে।
২০২৬ মৌসুমের শেষ পর্যায়ে হার্দিক পান্ডিয়া ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে একাধিকবার আলোচনা হয়। সেসব আলোচনায় ফ্র্যাঞ্চাইজিকে নিজের দল ছাড়ার ইচ্ছার কথা জানান হার্দিক। এরপর তাকে অন্য দলে পাঠানোর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করে মুম্বাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া আইপিএলের প্রায় সব দলের সঙ্গেই সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা চালিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৬ সালের আসরে মুম্বাই ইন্ডিয়ানসের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পয়েন্ট তালিকার নবম অবস্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে দলটি। এই পরিস্থিতিতে জাসপ্রিত বুমরার পাশাপাশি কার্যকর আরেকজন পেসার যুক্ত করার পরিকল্পনা করছে মুম্বাই। গত মৌসুমে ট্রেন্ট বোল্টের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পায়নি দলটি। তিনি পুরো আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন।
এ অবস্থায় অর্শদীপ সিংকে দলে পাওয়ার চেষ্টা করছে মুম্বাই। নতুন বলে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখা এবং ইনিংসের শেষ পর্যায়ে বোলিং করার দক্ষতা রয়েছে এই বাঁহাতি পেসারের। ফলে তাকে দলে যুক্ত করতে পারলে বোলিং বিভাগে নতুন সমন্বয় তৈরির সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৯ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে যাত্রা শুরু করেন অর্শদীপ। এরপর থেকে দলটির হয়ে নিয়মিত খেলেছেন তিনি। এখন পর্যন্ত পাঞ্জাবের জার্সিতে ৯৬টি ম্যাচে অংশ নিয়ে তার শিকার ১১১ উইকেট। সম্ভাব্য এই ট্রেড বাস্তবায়িত হলে আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঞ্জাব ছেড়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি।
অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার জন্য এটি হতে যাচ্ছে তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন। ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটান্স ছেড়ে নিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন তিনি। পরে রোহিত শর্মার পরিবর্তে দলটির অধিনায়কের দায়িত্ব পান এই অলরাউন্ডার।
তবে অধিনায়ক হিসেবে মুম্বাইয়ে তার সময়টা ধারাবাহিক সাফল্যে কাটেনি। ২০২৪ সালে হার্দিকের নেতৃত্বে পয়েন্ট তালিকার একেবারে নিচে থেকে আসর শেষ করে মুম্বাই। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিতে সক্ষম হলেও ২০২৬ মৌসুমে আবারও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এবার তাই দল পুনর্গঠনের অংশ হিসেবে হার্দিককে ছেড়ে অর্শদীপকে নেওয়ার পরিকল্পনা করছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে দুই ক্রিকেটারের সম্মতি ও আইপিএল কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই অদলবদল চূড়ান্ত হচ্ছে না।
পাঠকের মন্তব্য