![]()
ইবি রিপোর্ট
ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের নিয়ম নির্ধারণ করে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এতে খেলোয়াড়দের যোগ্যতা, নিবন্ধন, প্রতিযোগিতার নিয়ম, শৃঙ্খলা, আপত্তি জানানোর পদ্ধতি এবং ভাতা পাওয়ার শর্তসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরে এই বাইলজ প্রকাশ করা হয়। বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব কলেজকে নির্ধারিত বিধিবিধান মেনে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একই দিন ২০২৬-২৭ সালের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ফুটবল প্রতিযোগিতায় পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মিনিট করে দুই অর্ধে। অন্যদিকে, মহিলা বিভাগের প্রতিটি অর্ধের সময় নির্ধারণ করা হয়েছে ২০ মিনিট। নির্ধারিত সময় শেষে দুই দলের ফল সমান থাকলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। একটি দল ম্যাচ চলাকালে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ পাবে।
ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে ২০ ওভারে। এই খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের রঙিন পোশাক পরতে হবে এবং সাদা বল ব্যবহার করতে হবে। তবে মহিলা বিভাগের ক্রিকেট ম্যাচে টেপ টেনিস বল ব্যবহারের নির্দেশনা রয়েছে। ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলাও নির্ধারিত সেট ও সময় অনুসরণ করে নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে।
অ্যাথলেটিকসে একজন প্রতিযোগী ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ তিনটি খেলায় অংশ নিতে পারবেন। এর পাশাপাশি রিলে ইভেন্টেও অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় ও দলগুলোর অর্জিত পয়েন্ট হিসাব করে ব্যক্তিগত এবং দলগত চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে।
নীতিমালা অনুসারে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কলেজের নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে। পাশাপাশি ২০২৫ অথবা ২০২৬ সালে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এতে অংশ নেওয়ার যোগ্য হবেন।
ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড়দের মাঠে উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণের সময় মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবি এবং কলেজের অধ্যক্ষের সত্যায়িত ইএসআইএফের রঙিন কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো কলেজের দল নিয়মবহির্ভূতভাবে অবৈধ খেলোয়াড় অন্তর্ভুক্ত করলে অথবা প্রতিযোগিতায় অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্ট কলেজকে আসর থেকে বহিষ্কার করা হতে পারে। বিধিবিধান অমান্য করার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেছে বোর্ড।
প্রতিযোগিতার কোনো ম্যাচ কিংবা সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় লিখিত প্রটেস্ট জমা দিতে হবে। এ ক্ষেত্রে খেলা শেষ হওয়ার ৬০ মিনিটের মধ্যে দুই হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। একই সঙ্গে আপত্তির পক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি যুক্ত করে সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির সভাপতির কাছে আবেদন জমা দিতে হবে।
প্রতিযোগীদের ভাতা ও যাতায়াত খরচের বিষয়েও আলাদা নির্দেশনা দিয়েছে বোর্ড। বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগী ও কর্মকর্তারা বোর্ড নির্ধারিত হারে খাদ্য এবং যাতায়াত ভাতা পাবেন। তবে জেলা ও জোন পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য কোনো ধরনের ভাতার ব্যবস্থা রাখা হয়নি।
বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। এই পর্যায়ের আয়োজন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পাঠকের মন্তব্য