![]()
ইবি রিপোর্ট
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে বিক্ষোভে অংশ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা চালাচ্ছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা প্রকৃত পোশাকশ্রমিক হিসেবে নয়, বরং শ্রমিকের পরিচয় ব্যবহার করে আন্দোলনে অংশ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া বিভাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের নাম, পরিচয়, কোন কোন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে কিংবা তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের নাশকতার অভিযোগ রয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে অভিযান চালানো হয়। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া ৩৩ জনের সবাইকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।