![]()
ইবি রিপোর্ট
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন এবং বিভিন্ন এলাকায় সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শ্রমিকদের দাবি ও চলমান সংকট নিরসনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে রোববার রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।
আন্দোলনের একপর্যায়ে মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। চলমান অস্থিরতা নিরসন এবং পোশাকশিল্পের পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালিক নেতাদের এই বৈঠক হচ্ছে।
এদিকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, মিরপুরে পোশাকশ্রমিকদের সাধারণ আন্দোলনের আড়ালে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের আনুমানিক ১৫০ জন নেতাকর্মী পেছন থেকে উসকানি দিচ্ছিলেন। ডিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের উসকানিতে শ্রমিকদের আন্দোলনকে সহিংসতার দিকে নেওয়ার চেষ্টা করা হয়।
গোয়েন্দা পুলিশ আরও জানিয়েছে, সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে সহিংসতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি, আন্দোলন ঘিরে সহিংসতা এবং উসকানির অভিযোগ—সব মিলিয়ে তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।
পাঠকের মন্তব্য