![]()
ইবি রিপোর্ট
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দিনটি বার্ষিক সরকারি ছুটির অন্তর্ভুক্ত হলো।
তবে ২০২৬ সালে ৭ নভেম্বর পড়েছে শনিবার। সরকারি চাকরিজীবীদের জন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ বছর নতুন করে কোনো অতিরিক্ত ছুটি যুক্ত হচ্ছে না। অর্থাৎ দিবসটি সাধারণ ছুটি হিসেবে পালিত হলেও চলতি বছরে সরকারি কর্মীরা বাড়তি ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট পরিপত্রে দিবসটি অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন করা হয়েছিল।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় এখন সাধারণ ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।
পাঠকের মন্তব্য