![]()
ইবি রিপোর্ট
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হবে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি চালুর পরিকল্পনা করা হচ্ছে। খবর বাসসের।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মোট ৫৫ কিলোমিটার সড়কের মধ্যে মুন্সিগঞ্জ জেলায় পড়েছে ৩৫ কিলোমিটার। এই অংশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পেছনে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণভাবে অন্য যানবাহনকে অতিক্রম করাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৫৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন। আহত হয়েছেন আরও ৯৫০ জন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম মুন্সিগঞ্জে উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আনার উদ্যোগের কথা জানান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এআই ক্যামেরা চালু হলে নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতা কমবে। একই সঙ্গে চালকেরা ট্রাফিক আইন মেনে চলতে আরও সচেতন হবেন। এর মাধ্যমে সড়কে নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা প্রতিরোধে সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের গতিসীমা নির্দেশক এবং সাইন মার্কিং রয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
তবে এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, আকস্মিক ইউটার্ন, চালকের অসতর্কতা ও সড়ক আইন না মানার পাশাপাশি ঘন কুয়াশাও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ অবস্থায় এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার উদ্যোগ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যান চলাচল নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান সড়ক নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি চালকদের আইন মেনে চলার বিষয়টিও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
পাঠকের মন্তব্য