![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের পর এবার বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ইতালি। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
শনিবার (২৪ অক্টোবর) ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে এসব সংঘর্ষ ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি গত সপ্তাহান্তে বিক্ষোভের সময় ঘটে যাওয়া সহিংসতার তদন্তের অংশ হিসেবে মিলানসহ ২২টি শহরের দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইতালির একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দেশটির সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস ও জলকামান প্রয়োগ করতে হয়েছে পুলিশকে।
তুরিনে বিক্ষোভ চলাকালে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
রাজধানী রোমেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিল চলার সময় পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোলোনিয়াতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের খবর পাওয়া গেছে।
এদিকে গত সপ্তাহান্তে সংঘটিত সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম জোরদার করেছে ইতালির কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে মিলান, পার্শ্ববর্তী শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।
ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সদস্যদের হুমকি দেওয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং বিভিন্ন ভবনে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের সঙ্গে এসব তল্লাশি সম্পর্কিত।
তদন্তের আওতায় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত সপ্তাহান্তের অস্থিরতায় কারা অংশ নিয়েছিলেন এবং সহিংসতার পরিকল্পনা কীভাবে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তিনি বলেন, নিরাপত্তার দিক থেকে বিশেষভাবে সংবেদনশীল হিসেবে বিবেচিত শহরগুলোতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পাঠকের মন্তব্য