![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় লেখা বইয়ের জন্য নতুন একটি সাহিত্য পুরস্কার চালু করেছে ফ্রান্স। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই প্রতিযোগিতায় এআই প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে তৈরি পাণ্ডুলিপি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, বিজয়ী লেখকের বই প্রকাশের ব্যবস্থাও করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে লেখকদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। পাশাপাশি লেখাটি তৈরির কাজে কোন এআই মডেল ব্যবহার করা হয়েছে এবং কী ধরনের প্রম্পট দেওয়া হয়েছে, তার বিস্তারিত বিবরণও জমা দিতে হবে।
চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও লামার মতো প্রধান ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহারের অনুমতি রয়েছে। বিশ্বের যেকোনো দেশের লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে জমা দেওয়া পাণ্ডুলিপি অবশ্যই ফরাসি ভাষায় রচিত হতে হবে।
ফরাসি পণ্ডিত ব্লেইজ পাস্কালের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয়েছে। তিনি বিশ্বের প্রথম দিককার যান্ত্রিক ক্যালকুলেটরগুলোর একটি উদ্ভাবনে ভূমিকা রেখেছিলেন। ধর্মতত্ত্ব নিয়েও তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য বই ‘পঁসে’। পোপ ফ্রান্সিস বইটির ‘দার্শনিক গভীরতা ও সাহিত্যিক মাধুর্যের’ প্রশংসা করেছিলেন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, পাণ্ডুলিপি হতে হবে কথাসাহিত্যভিত্তিক। তবে শুধু কল্পকাহিনি হলেই চলবে না, লেখায় এমন কিছু থাকতে হবে, যা মানবজাতির জন্য হুমকিস্বরূপ কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে সহায়ক হতে পারে।
প্রি পাস্কাল পুরস্কার চালু করেছেন ফিলিপ রদ্রিগেজ, আলব্যাঁ সেরভিয়ঁ ও জিল মঁত্রে। তাঁরা তিনজনই প্রযুক্তি খাতের উদ্যোক্তা।
রদ্রিগেজ ব্যবসায়িক একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাভোল্টার প্রতিষ্ঠাতা অংশীদার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাঁকে ‘ইউরোপীয় ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
সেরভিয়ঁ ডিজিটাল মিডিয়া খাতের উদ্যোক্তা। তিনি এলজিবিটিকিউ+ বিষয়ক সাময়িকী ‘তেতু’-র সাবেক চেয়ারম্যান। অন্যদিকে, জিল মঁত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা। দর্শনে পিএইচডি ডিগ্রিধারী এই ব্যক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিস ১ পঁতেওঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ইলেক্টিসের সহপ্রতিষ্ঠাতা।
সাহিত্যজগতে এআই ব্যবহারের গ্রহণযোগ্যতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক বেড়েছে। চলতি বছর বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ীদের লেখায় এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা ও বিতর্ক চলছে। এসব বিতর্কের মধ্যে রয়েছে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার, কেইন পুরস্কার এবং ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গোঁকু।
এমন পরিস্থিতিতেই এআইয়ের সহায়তায় তৈরি সাহিত্যকর্মকে স্বীকৃতি দিতে প্রি পাস্কাল পুরস্কার চালুর ঘোষণা এসেছে।
গত মঙ্গলবার থেকে পুরস্কারটির ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নভেম্বরের শেষ পর্যন্ত। এরপর ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে ১০টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
পাঁচ থেকে ছয়জন লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশককে নিয়ে বিচারকমণ্ডলী গঠন করা হবে। নভেম্বরের শুরুতেই বিচারকদের নাম ঘোষণা করার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য