![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন তারা। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক ও মোড়। জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি রাজশাহীতে আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সকাল থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে মাদরাসা মাঠের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসংবলিত পতাকা। নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে এবং জনসভায় অংশ নিতে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসেন বিএনপির নেতাকর্মীরা। পুঠিয়া থেকে জনসভায় যোগ দিতে আসা ইকরামুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি রাজশাহীতে আসছেন। আমরা সবাই উচ্ছ্বসিত। তারেক রহমানকে এক নজর দেখতে তিন ঘণ্টা আগে থেকেই এসে বসে আছি।’
জনসমাগমকে কেন্দ্র করে জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশ, বিশেষ শাখা (এসবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
জনসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। জনসভায় আগত নেতাকর্মীদের চলাচল ও সমাবেশস্থলের ব্যবস্থাপনা ঠিক রাখতে বিভিন্ন পর্যায়ে কার্যক্রম চালানো হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দুপুরের মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার এই সফরকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিল দেখা যায়।
পাঠকের মন্তব্য