
ইবি রিপোর্ট
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।
পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এসব ডিজেল আমদানি করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকেলে এ প্রক্রিয়া শেষ হয়েছে।
২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানিতে সম্মত হয়। এর আওতায় ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয়।
পাইপলাইন চালুর পর থেকে এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।
পাইপলাইনের মাধ্যমে আসা আমদানিকৃত জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে এসে পৌঁছেছে।
এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি বাংলাদেশে ডিজেল পরিবহন করা হচ্ছে। সর্বশেষ চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছানোর মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য