
ইবি রিপোর্ট
বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারির ভিত্তিতে তৈরি এ তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে।
ফোর্বসের প্রকাশিত বিশ্বের সেরা পারফর্মিং ব্যাংকের এই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার রাতে ব্যাংকটির পক্ষ থেকেও বৈশ্বিক এ তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফোর্বস জানিয়েছে, বিশ্বের সেরা পারফর্মিং ব্যাংকগুলোর তালিকা তৈরিতে ব্যাংকগুলোর বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্য, গবেষণা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।
ফোর্বসের তালিকায় ব্যাংকগুলোর পারফরম্যান্স মূল্যায়নে চারটি প্রধান সূচক ব্যবহার করা হয়েছে। এগুলো হলো—মুনাফা যোগ্যতা বা প্রফিটিবিলিটি, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা।
এই চারটি সূচকের পাশাপাশি ব্যাংকগুলোর সম্পদের আকার বিবেচনা করে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
ফোর্বসের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে টিয়ার-১ বা বৈশ্বিক ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়েছে। ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলো টিয়ার-২ বা বড় ব্যাংক।
এ ছাড়া ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলারের সম্পদের ব্যাংককে টিয়ার-৩ বা উচ্চ-মধ্যম আকারের ব্যাংক, ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের ব্যাংককে টিয়ার-৪, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলারের ব্যাংককে টিয়ার-৫ এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ব্যাংককে টিয়ার-৬ শ্রেণিতে রাখা হয়েছে।
ফোর্বসের ছয়টি শ্রেণির মধ্যে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক জায়গা পেয়েছে টিয়ার-৫-এ। অর্থাৎ বৈশ্বিক তালিকায় ব্যাংকটি ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ শ্রেণিতে অবস্থান করছে।
৫০০ ব্যাংকের বৈশ্বিক তালিকায় টিয়ার-৫ শ্রেণিতে ব্র্যাক ব্যাংকের অবস্থান ৭৩তম।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটিতে ৭ হাজার ৪৮৩ জন কর্মী রয়েছেন।
ফোর্বসের বৈশ্বিক সেরা পারফর্মিং ব্যাংকের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এ অর্জন শুধু ব্র্যাক ব্যাংকের একক অর্জন নয়, বাংলাদেশের জন্যও এটি বড় অর্জন।
তিনি বলেন, ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। গত বছর ব্যাংকটি বিভিন্ন আর্থিক সূচকে ভালো প্রবৃদ্ধি করেছে।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, তাঁর পূর্বসূরিরা ব্যাংকটিকে একটি পর্যায়ে নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে সব কর্মী, উদ্যোক্তা, পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে ব্যাংকটি।
তাঁর ভাষ্য অনুযায়ী, সেই অগ্রগতিরই প্রতিফলন হিসেবে ফোর্বসের বৈশ্বিক ৫০০ ভালো ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক জায়গা করে নিয়েছে। এ অর্জন ব্র্যাক পরিবারসহ পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
ফোর্বসের প্রথমবারের এই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ব্র্যাক ব্যাংকের অন্তর্ভুক্তি দেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক পরিসরে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মন্তব্য