
ইবি রিপোর্ট
সোমবার সিপিএ পরিচালনা পর্ষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বার্থ, টার্মিনাল ও শিপ-হ্যান্ডলিং অপারেটরদের মালিক এবং প্রতিনিধিদের হাতে বোনাসের এই চেক তুলে দেন বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সাফল্যের পর নিজেদের তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক ও কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস হিসেবে মোট ১৬ কোটি ৬৫ লাখ টাকা প্রদান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে তালিকাভুক্ত প্রত্যেক শ্রমিক-কর্মচারী ২৫ হাজার টাকা করে পেয়েছেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, শ্রমিক-কর্মচারীদের কাজে আরও উৎসাহিত করতে, বন্দরের পরিচালন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সার্বিক শিল্প-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে। সিপিএ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এই অর্থ অনুমোদন ও বিতরণ করা হয়।
সোমবার সিপিএ পরিচালনা পর্ষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বার্থ, টার্মিনাল ও শিপ-হ্যান্ডলিং অপারেটরদের মালিক এবং প্রতিনিধিদের হাতে বোনাসের এই চেক তুলে দেন বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শ্রম শাখা থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর বোর্ডের গত ২২ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে নিয়োজিত এবং শ্রম শাখায় নিবন্ধিত তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের এ বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার কর্মকর্তাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষ উল্লেখ করেছে, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সঙ্গে জড়িত শ্রমিক ও কর্মচারীদের স্বার্থে গঠিত নিজস্ব কল্যাণ তহবিল থেকেই এই বোনাসের পুরো অর্থ সংস্থান করা হয়েছে।
বর্তমানে বন্দরে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং অব্যাহত থাকায়—নিরবচ্ছিন্ন অপারেশনাল কার্যক্রম বজায় রাখা এবং কর্মীদের স্থায়িত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।