![]()
ই-বাংলাদেশ ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারেই কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনেও রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই এবং ভোটগ্রহণের প্রতিটি ধাপ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
পাঠকের মন্তব্য