![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন কমিশনার হিসেবে হোসেন সাদাতকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী হোসেন সাদাতকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে হোসেন সাদাতকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশনার হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
সরকারের জারি করা এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিশনার হিসেবে হোসেন সাদাতের নিয়োগ দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজার তদারকি জোরদার এবং স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসইসির নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য