![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হকার, রিকশাশ্রমিক এবং পোশাকশ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বর্তমান সরকার কর্মসংস্থানের আশ্বাস দিয়ে অনেক মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইস্কাটনের একটি মিলনায়তনে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই শক্তি জাগরণ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সফল করতে শ্রমজীবী মানুষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হকার, রিকশাচালক ও পোশাকশ্রমিকরা আন্দোলনকে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই জনগণের সঙ্গে করা রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং গণভোটের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, বর্তমানে সংসদে শ্রমিকদের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব নেই। তবে এনসিপি শ্রমজীবী মানুষের পক্ষে সোচ্চার থাকবে এবং আগামী নির্বাচনে সরাসরি শ্রমিক প্রতিনিধিদের মনোনয়ন দেওয়ার বিষয়ে দল গুরুত্ব দেবে।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির অভিযোগ করেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই রিকশাশ্রমিকদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, রিকশা তৈরির কাঁচামাল আমদানি অব্যাহত রেখে শুধু শ্রমিকদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া সমস্যার সমাধান নয়। শ্রমিকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির সদস্য সচিব ঋআজ মোর্শেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি রিকশাশ্রমিকদের উচ্ছেদ না করে রাজধানীতে তাদের জন্য পৃথক লেন নির্মাণের দাবি জানান।
জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, পোশাকশ্রমিকসহ দেশের সব শ্রমজীবী মানুষকে ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলন ও পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, সাইফ মুস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সৌরভ খান সুজন, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, শেখ রায়হান হোসেন এবং রিকশাশ্রমিক নেতা ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শ্রমিকনেতা ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জাতীয় শ্রমিক শক্তির নতুন বিশেষায়িত ইউনিট ‘জাতীয় রিকশা ভ্যান চালক শক্তি’-এর আত্মপ্রকাশও ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক, ওবায়দুল ইসলামকে সদস্য সচিব এবং মো. শফিকুল ইসলাম হানিফকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব নীতির দাবিতে আয়োজিত এই সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।