ই-বাংলাদেশ ডেস্ক
আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, “ভারত সফরের আমন্ত্রণপত্র আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।”
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ভারত। কূটনৈতিক মহলে এই আমন্ত্রণকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি দিক হিসেবে দেখা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকার পক্ষে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা আশা করি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের জনগণের উদ্বেগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।”
বিশ্লেষকদের মতে, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আমন্ত্রণ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। একই সঙ্গে সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও সুযোগ তৈরি হতে পারে।
পাঠকের মন্তব্য